ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:১০ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সশরীরে উপস্থিত হয়ে ভোটার হিসেবে নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তারা ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ তথ্য (বায়োমেট্রিক) প্রদান করেন।
তবে ভোটার তালিকায় তাদের নাম চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হবে কি না, সে বিষয়ে আগামীকাল রোববার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
নিবন্ধন প্রক্রিয়া শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, তারেক রহমান ও জাইমা রহমান ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে 'ফর্ম-২' পূরণ করে আবেদন করেছেন।
ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী, যেকোনো যোগ্য নাগরিককে ভোটার করার এখতিয়ার কমিশনের রয়েছে। সচিব বলেন, "নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তবে যেহেতু আগামী ১২ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে, তাই এই মুহূর্তে নতুন কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি কমিশনের সভায় উপস্থাপন করা হবে। কমিশন চাইলে আনুষ্ঠানিক সভার মাধ্যমে বা নথির মাধ্যমে কালই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।সচিব আরও জানান, আজ বায়োমেট্রিক তথ্য যাচাই-বাছাই ও সার্ভারে আপলোড করার কাজ চলছে।
ফেস ও আইরিশ শনাক্তকরণে কোনো অসঙ্গতি না থাকলে আজকের মধ্যেই তাদের এনআইডি নম্বর জেনারেট হতে পারে।আগামী সোমবার (২৯ ডিসেম্বর) সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন। যদি কাল রোববারের মধ্যে কমিশন তাদের ভোটার হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয়, তবেই তারেক রহমান ও জাইমা রহমান আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারবেন। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর আইনিভাবে নির্বাচনের যোগ্যতা অর্জনের এটিই ছিল প্রধান ধাপ। তারেক রহমানের পক্ষে ইতোমধ্যে বগুড়া থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন