বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করবেন মাওলানা মামুনুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:২৯ পিএম

ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করবেন মাওলানা মামুনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। শনিবার (২৭ ডিসেম্বর) তাঁর ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক।

এ সময় তাঁর সঙ্গে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের মধ্যে যে নির্বাচনী আসন সমঝোতা প্রক্রিয়া চলছে, তাতে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যতম প্রধান শরিক।

দলটির পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে যে, সারাদেশে তাদের ৩৫টি আসনে শক্তিশালী প্রার্থী রয়েছে। ঢাকা-১৩ আসনটি মামুনুল হকের নিজের এলাকা এবং সেখানে তাঁর ব্যাপক জনপ্রিয়তা থাকায় জোটগতভাবে এই আসনটি তাঁর জন্য সংরক্ষিত রাখা হতে পারে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।

মনোনয়নপত্র জমার শেষ দিন ২৯ ডিসেম্বর (সোমবার)। তার ঠিক আগের দিন মামুনুল হকের এই মনোনয়ন দাখিল রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকা নিয়ে গঠিত এই আসনটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা।