ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:১৯ পিএম
খুলনা মহানগরীর এনসিপি নেতা মোতালেব সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ডি. কে শামীম ওরফে ‘ঢাকাইয়া শামীম’ (৩৫) ও তাঁর সহযোগী মাহাদিনকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গ্রেফতার ঢাকাইয়া শামীম সরাসরি গুলি বর্ষণের ঘটনায় জড়িত ছিলেন।
তিনি একজন পেশাদার অপরাধী এবং তাঁর বিরুদ্ধে আগে থেকেই মাদক, দস্যুতা ও বিশেষ ক্ষমতা আইনে ৭টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত মাহাদিন ঘটনার সময় শামীমের সহযোগী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
গত ২২ ডিসেম্বর খুলনার মজিদ সরণির আল আকসা মসজিদ গলিতে মোতালেব সিকদারকে লক্ষ্য করে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে তাঁর স্ত্রী 'নিম্মি' নামক এক নারীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হামলার দায় স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের ইতিমধ্যে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন