সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

তাসনিম জারার পদত্যাগের পর এনসিপির ৩ নেত্রীর পোস্ট

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:৩৩ পিএম

তাসনিম জারার পদত্যাগের পর এনসিপির ৩ নেত্রীর পোস্ট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ডা. তাসনিম জারার পদত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর দলটির ভেতরে অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে। শনিবার (২৭ ডিসেম্বর) জারার ঘোষণার পরপরই এনসিপির আরও তিন শীর্ষ নারী নেত্রীর ফেসবুক পোস্ট রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

দলের অন্যতম নীতি-নির্ধারক সামান্তা শারমিন তাঁর পোস্টে সংক্ষেপে লিখেছেন, "আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।" তাঁর এই পোস্টকে দল ধরে রাখা এবং ভাঙন রোধের প্রত্যয় হিসেবে দেখছেন কর্মীরা।

জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ নুসরাত তাবাসসুমের পোস্টটি ছিল বেশ ইঙ্গিতবহ। তিনি লিখেছেন, "নীতির চাইতে রাজনীতি বড় নয়।

কমিটমেন্ট ইজ কমিটমেন্ট (প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতি)।" রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দল ছেড়ে ব্যক্তিগত সিদ্ধান্তে স্বতন্ত্র প্রার্থী হওয়াকে লক্ষ্য করেই তাঁর এই মন্তব্য হতে পারে।সবচেয়ে কঠোর অবস্থান দেখা গেছে ডা. মিতুর পোস্টে। তিনি সরাসরি ‘পশ্চিমা এজেন্ডা’র প্রতি ইঙ্গিত করে লিখেছেন, এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এরচেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।

 ভোটের ঠিক আগমুহূর্তে এনসিপির অন্যতম প্রধান মুখ তাসনিম জারার দলত্যাগ এবং অন্য নেত্রীদের এমন পাল্টাপাল্টি অবস্থান দলটির তরুণ নেতৃত্বের মধ্যে বড় ধরনের বিভক্তি প্রকাশ করছে। বিশেষ করে ‘ঢাকা-৯’ আসন এবং নির্বাচনী ফান্ড নিয়ে অভ্যন্তরীণ কোনো জটিলতা তৈরি হয়েছিল কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক চলছে।