ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:২৯ পিএম
শনিবার রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিশ্চিত করেছেন যে, তাঁর দল জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হবে।
সূত্রমতে, জামায়াত ও এনসিপির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে দীর্ঘ দরকষাকষির পর এই ঐকমত্য তৈরি হয়েছে। এতে করে আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত '৮-দলীয় জোট' আরও শক্তিশালী রূপ পেতে যাচ্ছে।
জোটের এই সিদ্ধান্তের পরপরই এনসিপিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এবং জনপ্রিয় মুখ ডা. তাসনিম জারা শনিবার সন্ধ্যায় দল থেকে পদত্যাগ করেছেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানানোর পাশাপাশি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করেছেনডা. তাসনিম জারা তাঁর ফেসবুক পোস্টে বলেন: আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের মাধ্যমে সংসদে প্রবেশ করে ঢাকা-৯ আসনের মানুষের সেবা করা। কিন্তু বাস্তব পরিস্থিতিতে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষার স্বার্থে আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ব।
ডা. তাসনিম জারা আগেই ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন এবং নির্বাচনী ফান্ড গঠনের জন্য প্রায় ৪৭ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন। তবে জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তের কারণে দলের আদর্শিক বিচ্যুতি ঘটছে মনে করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, যারা তাঁকে নির্বাচনের জন্য অর্থ প্রদান করেছিলেন, চাইলে তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন