সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:২২ পিএম

অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান বলে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘ প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরার পর এটি তাঁর হাসপাতালে দ্বিতীয় দফা সফর। এর আগে দেশে পা রেখেই তিনি সরাসরি বিমানবন্দর থেকে হাসপাতালে গিয়ে মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।

শনিবার দিনভর তারেক রহমানের ছিল ঠাসা কর্মসূচি। সকালে তিনি ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে শ্রদ্ধা জানান।

এরপর তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করেন। সেখান থেকে বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। বিকেলে ধানমন্ডিতে শাশুড়ি ইকবাল মান্দ বানুকে দেখার পর রাতে সরাসরি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যান তিনি।তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে হাসপাতাল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

এসএসএফ, পিজিআর, বিজিবি ও পুলিশের পাশাপাশি সেখানে নিয়োজিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর সদস্যরা। হাসপাতালের প্রধান ফটকে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে সাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দলের শীর্ষ পর্যায়ের এই নেতার হাসপাতালে যাওয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর মা ও ছেলের এই সাক্ষাৎ রাজনৈতিক মহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।