রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এনসিপি নেত্রী সামান্তার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:০৯ এএম

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এনসিপি নেত্রী সামান্তার

নির্বাচনী জোট গঠন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ রাজনীতি। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গড়ার চূড়ান্ত সিদ্ধান্তের প্রেক্ষাপটে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন।

রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো নির্ভরযোগ্য মিত্র নয়।

তাঁর মতে দলটির সাথে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা সহযোগিতায় গেলে এনসিপিকে ভবিষ্যতে অনেক কঠিন মূল্য চুকাতে হবে। সামান্তার এই কঠোর অবস্থান এনসিপির ভেতরে চলমান বিভক্তিকে আরও উসকে দিয়েছে।

সামান্তা শারমিন তাঁর পোস্টে যুক্তি দেখান যে এনসিপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্রকল্প জামায়াতের থেকে সম্পূর্ণ আলাদা। বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ‘সেকেন্ড রিপাবলিক’ বা দ্বিতীয় প্রজাতন্ত্র গড়ে তোলার যে অঙ্গীকার নিয়ে এনসিপি গঠিত হয়েছিল, জামায়াতের অবস্থান সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি উল্লেখ করেন যে গত দেড় বছর ধরে এনসিপি যে নীতিগত অবস্থানে ছিল, বর্তমান জোট সেই অবস্থান থেকে বিচ্যুতি।

তাঁর ভাষায় যারা সংস্কারের পক্ষে নেই তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক মিত্রতা সম্ভব নয়। অথচ এখন সেই আদর্শিক অবস্থান থেকে সরে গিয়ে জোট গঠন করা হচ্ছে।ফেসবুক পোস্টে সামান্তা আরও স্মরণ করিয়ে দেন যে এনসিপির শীর্ষ নেতৃত্ব জুলাই পদযাত্রার পর থেকে বারবার ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। স্বতন্ত্রভাবে নির্বাচন করার কথা বলে সারাদেশে প্রার্থীদের আহ্বান জানানো হয়েছিল।

এখন হঠাৎ করে জামায়াত বা অন্য কোনো দলের সাথে জোট গড়া এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি বিরোধী। তিনি স্পষ্ট করেন যে জামায়াতের বিরোধিতা করা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়, বরং এটি এনসিপির নিজস্ব আদর্শ রক্ষার লড়াই। জামায়াত ও এনসিপির জোটের আনুষ্ঠানিক ঘোষণার ঠিক আগ মুহূর্তে সামান্তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।