বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:১০ পিএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ-৫ আসনের মনোনীত প্রার্থী এবং দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মনিরা শারমিন জানান, এনসিপি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে—এমন প্রতিশ্রুতিতেই তিনি দলটির সঙ্গে যুক্ত হয়েছিলেন।

কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে ৩০ আসনের নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের বিষয়টি তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমি এনসিপির স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী। ক্ষমতার রাজনীতি বা সিট ভাগাভাগি করে মানুষের সঙ্গে বেইনসাফি করতে চাই না।

নির্বাচনী প্রচারণার জন্য সাধারণ মানুষের কাছ থেকে ‘ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে অনুদান সংগ্রহ করেছিলেন মনিরা। নির্বাচন থেকে সরে যাওয়ায় সেই অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “যারা আমাকে ডোনেট করেছেন, তারা এনসিপির স্বতন্ত্র অবস্থান দেখে টাকা দিয়েছেন। আমার নৈতিক দায়বদ্ধতা হলো সেই অর্থ ফেরত দেওয়া। দ্রুততম সময়ের মধ্যে আমি অনুদানের অর্থ ফেরত দেব।

 নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দল থেকে পদত্যাগের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তাঁর মতে, এনসিপি শীর্ষ নেতৃত্বের একার সম্পত্তি নয়, বরং এটি সাধারণ কর্মীদেরও। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে তিনি ক্ষমতায় যেতে চান না।উল্লেখ্য, জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে ইতোমধ্যে এনসিপির শীর্ষ নেত্রী ডা. তাসনিম জারা ও তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন। মনিরা শারমিনের এই ঘোষণা দলটির অভ্যন্তরীণ সংকটে নতুন মাত্রা যোগ করল।