ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:২৩ পিএম
আসন্ন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আগামী ৩ জানুয়ারির পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ ডিসেম্বর) রাত ৭টা ২৮ মিনিটে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে জানান, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পরীক্ষার্থী ও অভিভাবক এতে অংশ নেবেন। তাদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং সম্ভাব্য জনভোগান্তি এড়ানোর লক্ষ্যে জামায়াতে ইসলামী এই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই মহাসমাবেশ ডাকার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী।ভর্তি পরীক্ষার দিনে রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে একে ‘ইতিবাচক রাজনৈতিক শিষ্টাচার’ হিসেবে দেখছেন।
কারণ এর ফলে পরীক্ষার্থীরা কোনো ধরনের ট্রাফিক জ্যাম বা রাজনৈতিক উত্তজনা ছাড়াই কেন্দ্রে পৌঁছাতে পারবেন।স্থগিত হওয়া এই মহাসমাবেশের পরবর্তী তারিখ বা সময় সম্পর্কে জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন