সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:১৯ পিএম

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠন এবং দলের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক দীর্ঘ ফেসবুক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই জোটের অংশ হয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন না।

সামান্তা শারমিন তাঁর পোস্টে উল্লেখ করেন,সম্প্রতি নির্বাচনী কৌশল, বিশেষত জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতার প্রশ্নে পার্টির ভেতরে ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে। আমি এই বিষয়ে আমার ভিন্নমত প্রকাশ করেছি। কোনটি সঠিক, তা সময়ই নির্ধারণ করবে।

তিনি আরও বলেন,যেহেতু আমি এই জোট গঠনের সিদ্ধান্তকে সঠিক মনে করি না, আবার একই সঙ্গে পার্টি থেকেও এই মুহূর্তে আপাতত পদত্যাগ করছি না।

তাই এনসিপি-জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা আমার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সে কারণেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি না।এনসিপি ও জামায়াতের এই জোটকে কৌশলগত দাবি করে তিনি লেখেন, এটি কোনো আদর্শিক জোট নয়। তাই আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করা এনসিপির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়। পার্টির ভেতর এই ইনার পার্টি স্ট্রাগল’ বা অভ্যন্তরীণ সংগ্রামকে তিনি একটি অবশ্যম্ভাবী বাস্তবতা হিসেবে দেখছেন।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সামান্তা বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের এই সিদ্ধান্তের পরিণতির সঙ্গে এনসিপির ভবিষ্যৎ ও আমার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিবিড়ভাবে যুক্ত। আমি আমার অবস্থানের রাজনৈতিক ফলাফলের জন্য অপেক্ষা করব।উল্লেখ্য, এর আগে এনসিপির আরেক শীর্ষ নেত্রী ডা. তাসনিম জারা জোটের প্রতিবাদে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। সামান্তা শারমিন দলত্যাগ না করলেও নির্বাচনের মাঠ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এই ঘোষণা এনসিপির অভ্যন্তরীণ কোন্দলকে আরও স্পষ্ট করে তুলল।