বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৪:৫৬ পিএম

জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে পূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদয় তাঁকে সমাহিত করা হয়।

এর আগে বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা ও দাফন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ।

উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আপনারা আমার মরহুমা মায়ের জন্য দোয়া করবেন। কারও কাছে আম্মার কোনো ঋণ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তা পরিশোধ করব। কেউ আমার মায়ের আচরণে বা কথায় কষ্ট পেয়ে থাকলে তাঁর পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। এর আগে দলের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়। যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে জানাজায় অংশ নিয়েছেন।এদিন দুপুর পৌনে ১২টার দিকে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে কঠোর নিরাপত্তায় বেগম জিয়ার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রটোকলে মরদেহ গ্রহণ করে।