জানুয়ারি ১, ২০২৬, ১১:১০ এএম
ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান জানান, গত বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে যোগাযোগ বা বৈঠকের বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল।
সেই প্রশ্নের সূত্র ধরে তিনি লেখেন, “গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।”
জামায়াত আমির জানান, সেই সময় তিনি ভারতীয় কূটনীতিকদের বলেছিলেন যে, সব কূটনীতিকের আগমনের বিষয়টিই জামায়াত প্রকাশ্যে আনে, তাই তাদের এই সাক্ষাৎও প্রকাশ করতে চায়। কিন্তু ভারতীয় কূটনীতিকরা সে সময় তা প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। ডা. শফিকুর রহমান তখন তাদের আশ্বস্ত করেছিলেন যে, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই জনসমক্ষে আনা হবে, কারণ সেখানে গোপনীয়তার কিছু নেই।
কিছু দেশীয় গণমাধ্যমে একে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন