শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার ৩ আসনে বিএনপির প্রার্থী হবেন যারা, জানালেন সালাহউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৩:৪১ পিএম

খালেদা জিয়ার ৩ আসনে বিএনপির প্রার্থী হবেন যারা, জানালেন সালাহউদ্দিন

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত হওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বেগম জিয়ার তিনটি আসনে তাঁর বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারাই এখন দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তাঁর অসুস্থতার কারণে এসব আসনে দলের পক্ষ থেকে আগেই বিকল্প প্রার্থী রাখা হয়েছিল। সালাহউদ্দিন আহমদের ভাষ্যমতে, এখন এই বিকল্প প্রার্থীরাই মূল প্রার্থী হবেন:

ফেনী-১: রফিকুল আলম মজনু

বগুড়া-৭: মোরশেদ আলম

দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর আলম

সালাহউদ্দিন আহমদ বলেন, “আইনে নির্বাচন পেছানোর সুযোগ নেই। সাধারণত মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর কোনো প্রার্থী মারা গেলে আইনি জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত। কিন্তু এখন সে পরিস্থিতি নেই। বাছাইয়ের আগেই তিনি মারা গেছেন। আইনগতভাবে, ‘লিগ্যাল এন্টিটি’ হিসেবে তিনি আর বিদ্যমান নন। সেজন্য তাঁর মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। সে ক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায়, তারাই প্রার্থী হবেন।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাঁকে দৃঢ় থাকতে হবে। তাঁকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে—এর কোনো বিকল্প নেই।