জানুয়ারি ১, ২০২৬, ০৭:৩২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের সম্পদের হিসাব প্রকাশ্যে এসেছে। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে দাখিল করা তাঁর নির্বাচনী হলফনামা অনুযায়ী, এই প্রার্থীর মোট সম্পদের পরিমাণ ২৭ লাখ টাকা এবং তাঁর নিজের নামে কোনো গাড়ি বা বাড়ি নেই।
হলফনামায় আখতার হোসেন নিজেকে পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। কৃষি, ব্যবসা ও চাকরি—এই তিন খাত থেকে তাঁর বার্ষিক মোট আয় ৫ লাখ ৫ হাজার টাকা।
তাঁর স্ত্রী সানজিদা আক্তার একজন গৃহিণী।আখতার হোসেনের হলফনামা অনুযায়ী তাঁর আর্থিক পরিস্থিতির চিত্র নিম্নরূপ:
নিজের নগদ টাকা: ১৩ লাখ টাকা।
স্ত্রীর নগদ টাকা: ৪ লাখ টাকা।
ব্যাংকে জমা: ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা।
সম্পদের বড় একটি অংশ রয়েছে স্বর্ণালংকারে। আখতার হোসেনের নিজের নামে ৭ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর নামে ১০ লাখ টাকার গয়না রয়েছে। সব মিলিয়ে তাঁর নিজের অস্থাবর সম্পদের মোট মূল্য ২৭ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর সম্পদের মূল্য ১৬ লাখ টাকা দেখানো হয়েছে।
স্থাবর সম্পত্তি বলতে আখতার হোসেনের নামে কেবল ১৮ শতাংশ কৃষিজমি রয়েছে, হলফনামায় যার বর্তমান বাজারমূল্য উল্লেখ করা হয়েছে মাত্র ২৩ হাজার টাকা। এছাড়া তাঁর নামে কোনো ফ্ল্যাট, প্লট বা অকৃষি জমি নেই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন