জানুয়ারি ২, ২০২৬, ১১:০৯ এএম
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার সকালে জিয়া উদ্যানে যান তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। দাদির কবরের পাশে দাঁড়িয়ে তারা দীর্ঘক্ষণ মোনাজাত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে পৌঁছান। এ সময় তার সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের প্রায় ২০ জন নিকটাত্মীয় উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের সময় পুরো এলাকায় এক ভাবগাম্ভীর্যপূর্ণ ও শোকাবহ পরিবেশ বিরাজ করছিল। পরিবারের সদস্যদের বেশ শান্ত ও স্থির চিত্তে দোয়া করতে দেখা যায়।
তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং মোনাজাত শেষে বেলা ১০টা ৪০ মিনিটের দিকে ফিরে যান। প্রিয় মানুষকে হারানোর শোক থাকলেও স্রষ্টার কাছে প্রার্থনার মাধ্যমেই তারা প্রশান্তি খুঁজছেন।উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক ব্যক্তিত্ব।
এরপর বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়। দাদির চিরবিদায়ের পর এটিই ছিল জাইমা রহমানের প্রথম কবর জিয়ারত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন