শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার মতো জুলুম-নির্যাতন সইবো কিন্তু এই মাটি ছেড়ে যাবো না

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১১:২১ এএম

খালেদা জিয়ার মতো জুলুম-নির্যাতন সইবো কিন্তু এই মাটি ছেড়ে যাবো না

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম এক আবেগঘন অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার মতো শত জুলুম-নির্যাতন সহ্য করবেন, তবুও এই দেশের মাটি ছেড়ে কখনো যাবেন না।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের শুরুতে রাখা শোকবইয়ে স্বাক্ষর করতে গিয়ে তিনি এই মন্তব্য লিখে যান।

শোকবইয়ে তিনি বেগম খালেদা জিয়াকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও আপসহীন সংগ্রামের কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার প্রার্থনা জানান।

শোকবইয়ে সাদিক কায়েম আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের জন্য বেগম জিয়ার আজীবন লড়াই জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি শহীদ জিয়া ও বেগম জিয়ার ‘বাংলাদেশপন্থী’ রাজনীতিকেই আগামীর বাংলাদেশের রাজনীতি বলে আখ্যায়িত করেন। তার মতে, এই রাজনীতি হলো ভারতীয় আধিপত্যবাদ, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর রাজনীতি। নিজের লিখিত বার্তায় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, বেগম জিয়ার দেখানো পথেই তিনি ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবেন এবং কোনো পরিস্থিতির মুখেই দেশ ত্যাগ করবেন না।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি জানান, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে ছাত্র সমাজের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তারেক রহমান বিশেষভাবে জোর দিয়েছেন।

তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাজনীতিতে দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ, কিন্তু বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। এছাড়া বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।