শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

হলফনামায় জোনায়েদ সাকির আয়-সম্পদের পরিমাণ যত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১১:৪৫ এএম

হলফনামায় জোনায়েদ সাকির আয়-সম্পদের পরিমাণ যত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে ভোটের মাঠে লড়বেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে তার ব্যক্তিগত ও আর্থিক জীবনের বিস্তারিত তথ্য জানা গেছে।

কাগুজে নাম মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি হলেও রাজনৈতিক অঙ্গনে তিনি জোনায়েদ সাকি নামেই পরিচিত। ১৯৭৩ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস বলে উল্লেখ করেছেন।

পেশায় প্রকাশক জোনায়েদ সাকি তার হলফনামায় জানিয়েছেন যে, তার বিরুদ্ধে অতীতে বা বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই।

তার স্থায়ী ও বর্তমান ঠিকানা হিসেবে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামের কথা উল্লেখ করা হয়েছে।হলফনামার আর্থিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আয়ের দিক দিয়ে জোনায়েদ সাকির চেয়ে তার স্ত্রী তাসলিমা আখতার অনেকটা এগিয়ে আছেন। সাকির স্ত্রী পেশায় একজন আলোকচিত্রী ও শিক্ষক। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা, যেখানে তার স্ত্রীর মোট সম্পদ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। অর্থাৎ সাকির স্ত্রীর সম্পদ কোটি টাকার ঘর ছাড়িয়ে গেছে।

কর প্রদানের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়; সাকি আয়কর দিয়েছেন ৩৭ হাজার ৬৪০ টাকা, অথচ তার স্ত্রী দিয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৪৪৮ টাকা। জোনায়েদ সাকির বার্ষিক আয় ৭ লাখ ৭২ হাজার টাকার মতো, যার বড় অংশ আসে পেশাগত খাত থেকে। অন্যদিকে তার স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ টাকার বেশি, যা আসে শিক্ষকতা, বিভিন্ন স্থাবর সম্পত্তির ভাড়া এবং সঞ্চয়পত্র থেকে।

স্থাবর সম্পদের বিবরণে জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমির কথা উল্লেখ থাকলেও হলফনামায় এর আর্থিক মূল্য দেখানো হয়নি। এছাড়া বেস্ট ওয়ে নেশন ওয়াইড হাউজিং লিমিটেডে তার ৩ লাখ ২০ হাজার টাকার একটি অগ্রিম জমা রয়েছে। বিপরীতে তার স্ত্রী তাসলিমা আখতারের নামে ১৮ দশমিক ১৮ শতাংশ কৃষি জমি, ৩২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং ১৬৭ বর্গফুটের একটি দোকানের মালিকানা রয়েছে। সব মিলিয়ে দম্পতির মধ্যে আর্থিক সচ্ছলতায় স্ত্রীই এগিয়ে রয়েছেন।