জানুয়ারি ২, ২০২৬, ০২:৪৫ পিএম
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রয়াণের তৃতীয় দিনেও তার কবর জিয়ারতে মানুষের ভিড় বিন্দুমাত্র কমেনি। শুক্রবার সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে আসছেন হাজারো মানুষ।
ঢাকা, নাটোর, ঝালকাঠি, ফরিদপুরসহ দেশের দূর-দূরান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা ছুটে আসছেন তাদের প্রিয় নেত্রীর কবরে।
সকাল সাড়ে ৭টা থেকেই সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো সমাধিস্থল এলাকা। তীব্র শীত আর ঘন কুয়াশাও এই জনস্রোতকে আটকাতে পারেনি।
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে গণ্য এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে পরিবার-পরিজন নিয়ে সাধারণ মানুষও লাইন ধরে কবর জিয়ারত করছেন।শুক্রবার সকালে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানসহ ছাত্র ঐক্যের নেতাকর্মীরা কবর জিয়ারত করেন। এছাড়া নাটোর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ঢাকা-১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলিসহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে নেত্রীর কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।
সরেজমিনে দেখা গেছে, কেবল রাজনৈতিক নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শোক আর শ্রদ্ধার এক আবহে সবাই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মঙ্গলবার, ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া।

এরপর বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়। তার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি দলের নেতাকর্মীরা ও সাধারণ জনগণ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন