বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ স্থগিত, নতুন সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৬:০৪ পিএম

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ স্থগিত, নতুন সিদ্ধান্ত

শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত আগামী ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মূলত ওই দিন অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং আসন্ন জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রতি সম্মান জানিয়ে মহাসমাবেশটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

এর আগে গত ২৫ ডিসেম্বর হাদি হত্যার বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

বৈঠকে দলের আমির জানান যে পরীক্ষার্থীদের যাতায়াতে সম্ভাব্য ভোগান্তি এবং জননিরাপত্তার কথা বিবেচনা করে এই কর্মসূচি পুনঃবিবেচনা করা হয়েছে। বৈঠকে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে যে মহাসমাবেশটি আপাতত স্থগিত করা হলেও পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।