জানুয়ারি ৩, ২০২৬, ০৭:০১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আরজাবাদ মাদরাসায় জমিয়তের নির্বাচন মনিটরিং সেলের এক জরুরি বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।
দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহবায়ক মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বলেন, বর্তমান ক্রান্তিকালে একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা।
ইসলামপ্রিয় জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জোটবদ্ধভাবে বিজয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জমিয়তের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।বৈঠকে নেতারা আরও উল্লেখ করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল আসন জয়ের লড়াই নয়, বরং এটি দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম।
তাই যেকোনো বিভ্রান্তি বা গুজব এড়িয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল থেকে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে মাওলানা বাহাউদদীন যাকারিয়া, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদারসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসন সমঝোতার ভিত্তিতে জমিয়ত এবার খেজুর গাছ প্রতীকে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি আসনগুলোতে বিএনপি জোটের প্রার্থীদের সমর্থন দিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন