বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মায়ের প্রতি জাতির শ্রদ্ধা জিয়া পরিবার কখনই ভুলবে না: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৮:১৬ পিএম

মায়ের প্রতি জাতির শ্রদ্ধা জিয়া পরিবার কখনই ভুলবে না: তারেক রহমান

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার দৃশ্য জিয়া পরিবার কখনই ভুলবে না বলে জানিয়েছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিন দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত হওয়ার পর তিনি দেশবাসী ও সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে এই বার্তা দেন।তারেক রহমান তাঁর পোস্টে লিখেছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত হয়েছে।

এই সময়ে দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা ও সমবেদনা আমাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। রাজনীতি ও আদর্শের ঊর্ধ্বে উঠে অগণিত মানুষের এই উপস্থিতি প্রমাণ করেছে মা অনেকের কাছেই ছিলেন আপসহীনতার এক অনন্য প্রতীক।তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকারের দ্রুত সমন্বয় ও সহযোগিতার কারণেই স্বল্প সময়ে এই সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এছাড়া জানাজায় অংশগ্রহণকারী বিদেশি কূটনীতিক, প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিও তিনি ধন্যবাদ জানান। বিশেষ করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) গার্ড অব অনার ও শেষ সালামকে মায়ের জীবনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা হিসেবে অভিহিত করেন তিনি।

বার্তার শেষাংশে তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি গভীর অভিবাদন জানিয়ে বলেন, “দেশের প্রতিটি প্রান্ত থেকে এত মানুষের সমবেত হয়ে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার কখনই ভুলবে না। আপনাদের এই ভালোবাসা ও সংহতি আমাদের সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে, যা আমরা কৃতজ্ঞতার সঙ্গে আগামীর বাংলাদেশে বয়ে নিয়ে চলব।”