বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৩:১০ পিএম

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। প্রাথমিকভাবে ত্রিশটি আসনের ব্যাপারে সমঝোতা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে তা কমে আসছে। এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত।

এতে এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা বাদ পড়তে যাচ্ছেন। যা নিয়ে দলটির অন্দরমহলে ক্ষোভ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদেরই চূড়ান্ত তালিকায় রাখতে। নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি দুই দলের কেউ। তবে জামায়াত নেতারা স্পষ্ট করেছেন যে জনপ্রিয়তায় ঘাটতি থাকলে আসন ছাড়া হবে না।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। কিছু আসনে জামায়াতের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে ছাড় দিয়েছেন। সেখানে এনসিপি প্রার্থীদের সঙ্গে সমন্বিত কাজ হচ্ছে। তিনি বলেন আনুষ্ঠানিক ঘোষণা এলে সব বিভ্রান্তি কেটে যাবে। সবাই এক মার্কার জন্য প্রচারণা চালাবে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেন সংগঠন যে সিদ্ধান্ত নেয় তার ওপর আমরা অটল থাকি। সংগঠন জোটকে আসন ছেড়ে দিলে আমি নির্দ্বিধায় মেনে নেব। তিনি জানান মনোনয়ন প্রত্যাহারের পর পরিষ্কার বোঝা যাবে কে থাকছে। জোটের স্বার্থে জামায়াত প্রয়োজনীয় ছাড় দিতে প্রস্তুত।নেতারা দাবি করেছেন আসন সংখ্যা যা-ই হোক জোটের মনোভাব অত্যন্ত ইতিবাচক। দুই দলই জোটবদ্ধভাবে নির্বাচনে লড়তে প্রতিশ্রুতিবদ্ধ।