বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

প্রশাসনের পক্ষপাতিত্বে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে: আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

প্রশাসনের পক্ষপাতিত্বে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে: আসিফ মাহমুদ

প্রশাসন একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

আসিফ মাহমুদ দাবি করেন প্রশাসনের একতরফা আচরণের অন্তত একশটি উদাহরণ তাদের কাছে রয়েছে। তিনি সুনির্দিষ্টভাবে সিলেট-৩ আসনের উদাহরণ টেনে বলেন সেখানে তথ্য পরবর্তীতে দাখিলের কথা বলা সত্ত্বেও একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অথচ একই আসনে বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার কাগজপত্র পরবর্তীতে দাখিলের শর্তে মনোনয়ন বৈধ করা হয়েছে।

প্রশাসনের এমন দ্বিমুখী আচরণের কারণে আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়েও জনমনে শঙ্কা তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নির্বাচন কমিশনকে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আপিলের শুনানিতে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব না থাকে।

আসিফ মাহমুদ সতর্ক করে বলেন যদি নির্বাচন কমিশন এই পক্ষপাতিত্ব বন্ধ করতে না পারে তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠবে। নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে প্রভাবমুক্ত রাখা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।