বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার ভোট দেবো: হাসনাত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৭:৪৬ পিএম

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার ভোট দেবো: হাসনাত

ইনসাফ প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার জনগণ ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিরাল্লা এলাকায় নির্বাচনি পদযাত্রা শেষে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এই প্রার্থী বলেন এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী ভোটকেন্দ্র দখল করতে আসলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তারা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। হাসনাত আবদুল্লাহ ভোটারদের সতর্ক করে বলেন যারা দুর্নীতি টেন্ডারবাজি ও মামলাবাজি করে তাদের বিরুদ্ধেই এবার ব্যালট বিপ্লব হবে।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন এবার আপনারা টাকার কাছে বিক্রি হবেন না এবং কেন্দ্র পাহারা দেবেন। যারা ভোটের সময় টাকা নিয়ে আসবে তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি বলেন এক হাজার টাকার বিনিময়ে পাঁচ বছর নেতার পেছনে ঘুরে বেড়ানোর দিন শেষ। পদযাত্রায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন।

এ সময় জামায়াত ও এনসিপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। নির্বাচনি পরিবেশ শান্ত রাখতে এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সন্ত্রাস চাঁদাবাজ ও লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আধিপত্যবাদ বিরোধী শক্তির জয় নিশ্চিত করতে হবে। দেবিদ্বারের এই নির্বাচনি পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।