বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কেন নির্বাচনে প্রার্থী হননি চরমোনাই পীর? জানাল ইসলামী আন্দোলন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৮:০৭ পিএম

কেন নির্বাচনে প্রার্থী হননি চরমোনাই পীর? জানাল ইসলামী আন্দোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ণ শক্তিতে অংশ নিলেও দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর) নিজে কোনো আসনে প্রার্থী হননি। সাংগঠনিক কৌশল এবং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দলের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে।

ইসলামী আন্দোলনের একাধিক নেতা জানান আমির শুরু থেকেই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চেয়ে নীতিনির্ভর ও আদর্শভিত্তিক রাজনীতিকে প্রাধান্য দিয়ে আসছেন।

তিনি মনে করেন নিজে প্রার্থী হওয়ার চেয়ে নেতৃত্বের আসনে থেকে সারা দেশে ছড়িয়ে থাকা দলীয় প্রার্থীদের সমন্বয় করা এবং নির্বাচনি প্রচারণা তদারকি করা এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ।

দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান আমিরের মূল লক্ষ্য ইসলামী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ধারণাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সংগঠনকে শক্তিশালী করতে তিনি নেতৃত্বের জায়গা থেকে দলকে সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন যা প্রথাগত সংসদীয় আসনের সীমাবদ্ধতার চেয়ে অনেক বেশি কার্যকর। উল্লেখ্য যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ইসলামী আন্দোলন ২৭২টি আসনে তাদের প্রার্থীর তালিকা জমা দিয়েছে। আমিরের প্রার্থী না হওয়াকে বিশ্লেষকরা একটি দূরদর্শী কৌশল হিসেবে দেখছেন।

আমিরের অনুপস্থিতিতে দলটির শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ ও ৬ আসনে এবং মহাসচিব মাওলানা ইউনুস আহমদ খুলনা-৪ আসনে লড়ছেন। এছাড়া ঢাকা খুলনা ও গাজীপুরের গুরুত্বপূর্ণ আসনগুলোতে দলটির শক্তিশালী প্রার্থীরা মাঠে রয়েছেন। ১৪৩টি আসনে ভালো ফলাফলের আশা নিয়ে এবার নির্বাচনি ময়দানে কোমর বেঁধে নেমেছে হাতপাখার কর্মীরা।