বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান

রবিউল এহ্সান রিপন

জানুয়ারি ৭, ২০২৬, ১০:৩০ এএম

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান

দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ জানুয়ারি সোমবার ঠাকুরগাঁও সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে ঘিরে জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জেলা বিএনপি জানিয়েছে তারেক রহমান ১২ জানুয়ারি রাতে সড়কপথে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। তিনি শহরের বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে রাত্রিযাপন করবেন।

পরদিন মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল ১০টায় তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আল মামুনের কবর জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সেখানে তিনি প্রায় এক ঘণ্টা নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী জানান ২০০৩ সালের পর এটিই তারেক রহমানের প্রথম ঠাকুরগাঁও সফর। ঐতিহাসিক এই সফরকে সফল করতে একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা হওয়ায় এই সফরের রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

সফরের সার্বিক নিরাপত্তা নিয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে জেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।