রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হলফনামার তথ্য নিয়ে অপপ্রচারের জবাব দিলেন নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ১০:২২ পিএম

হলফনামার তথ্য নিয়ে অপপ্রচারের জবাব দিলেন নাহিদ ইসলাম

নির্বাচনি হলফনামায় দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই বিভ্রান্তির বিস্তারিত ব্যাখ্যা দেন।

তিনি বলেন এই প্রচারণা সত্য উদঘাটনের চেয়ে একজন স্বচ্ছ রাজনীতিবিদকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানোর রাজনৈতিক প্রয়াস।

নাহিদ ইসলাম জানান হলফনামায় ১৬ লক্ষ টাকা বাৎসরিক আয় হিসেবে উল্লেখ করা হয়েছে যা ২০২৪-২০২৫ অর্থবছরের মোট হিসাব। এর মধ্যে প্রায় ১১ লক্ষ টাকাই তার উপদেষ্টা হিসেবে প্রাপ্ত সরকারি বেতন ও ভাতা যা ব্যাংক চ্যানেলের মাধ্যমে পরিশোধিত।

বাকি অর্থ তিনি উপদেষ্টা পদ ছাড়ার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করে আয় করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন এই আয়ের প্রতিটি টাকা বৈধ এবং নথিভুক্ত।সম্পদ প্রসঙ্গে নাহিদ জানান তার মোট সঞ্চিত সম্পদ ৩২ লক্ষ টাকা যা তার বিগত ২৭ বছরের জীবনের সমষ্টি। এর মধ্যে রয়েছে ব্যাংকের সঞ্চয় ও উপহার হিসেবে পাওয়া স্বর্ণালংকার ও আসবাবপত্রের মূল্য।

উপদেষ্টা পদে থাকাকালীন বা এরপর তার নামে কোনো জমি বা গাড়ি কেনা হয়নি। এছাড়া পেশা হিসেবে শিক্ষকতা উল্লেখ করার বিষয়টিও তিনি নাকচ করে দেন। নাহিদ ইসলাম বলেন বর্তমানে তিনি একটি টেক ফার্মে পরামর্শক হিসেবে কাজ করছেন যার তথ্য নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন স্বচ্ছতা দেখালে এদেশে অনেক সময় উল্টো অপরাধী হিসেবে গণ্য হতে হয় যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।