জানুয়ারি ৮, ২০২৬, ০৫:২০ পিএম
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। জামায়াত আমিরের সফরসঙ্গী ও তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান যে এটি মূলত একটি ব্যক্তিগত ও ধর্মীয় সফর।
এর আগে লন্ডন সফরের সময়ই ডা. শফিকুর রহমানের ওমরাহ পালনের পরিকল্পনা ছিল। তবে তৎকালীন সময়ে শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তার জানাজায় অংশ নেওয়ার জন্য সফর সংক্ষিপ্ত করে।
জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসায় ওমরাহ পালন করা সম্ভব হয়নি আগের সেই অসম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করতেই তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
সফরসূচি অনুযায়ী জামায়াত আমির ঢাকা থেকে সরাসরি মদিনার ফ্লাইটে যাত্রা করেন এবং বুধবার গভীর রাতে সেখানে পৌঁছান। মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করেন এবং রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন। বৃহস্পতিবার দিনভর মদিনায় ইবাদত-বন্দেগিতে সময় কাটিয়ে রাতের ফ্লাইটে তার মক্কায় পৌঁছানোর কথা রয়েছে। মক্কায় পৌঁছে তিনি পবিত্র ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। ডা. শফিকুর রহমানের এই সফরে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক বৈঠক বা কর্মসূচির তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার সারাদিন পবিত্র মক্কায় অবস্থান করে রাতে তিনি জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে শনিবার সকালে একটি ফ্লাইটে তার পুনরায় রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ওমরাহ সফর শেষে দেশে ফেরার পর তিনি পুনরায় দলের নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। উল্লেখ্য যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের প্রস্তুতির মাঝে জামায়াত আমিরের এই সংক্ষিপ্ত ধর্মীয় সফর দলটির নেতাকর্মীদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন