জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:২২ পিএম
চুয়াডাঙ্গার জীবননগরে নিরাপত্তা বাহিনীর কথিত নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে তিনি সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানান বিএনপি মহাসচিব।
ঘটনার বিবরণ ও অভিযোগ: বিবৃতিতে অভিযোগ করা হয়, গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য আটক করে নিয়ে যায়। এরপর তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়, যার ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
এ ধরনের মৃত্যুকে ‘বিচারবহির্ভূত হত্যা’ ও দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরণের লোমহর্ষক ঘটনা দেশের জন্য শুভ নয়। আমি এই পৈশাচিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের মানুষের কাছে কখনোই সমর্থনযোগ্য নয়। বিএনপি মহাসচিব নিহত শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন