বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ০৫:১২ পিএম

জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চ্যেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তবে তাঁর এই ক্ষমা প্রার্থনায় তাৎক্ষণিকভাবে নেতিবাচক সাড়া দিয়েছেন উপস্থিত শ্রোতারা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেনস প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

ক্ষমা প্রার্থনা ও জনতার ‘না’ সূচক জবাব: বক্তব্যে মঞ্জু বলেন, একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। নির্বাচনী রাজনীতির উত্তাপে আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্তে আপনাদের অনেকেই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই।

এরপর তিনি উপস্থিত দর্শকদের কাছে জানতে চান, তারা তাঁর ক্ষমা গ্রহণ করেছেন কি না। জবাবে হলভর্তি মানুষ সমস্বরে ‘না’ ধ্বনি তোলেন। এই প্রতিক্রিয়ায় মঞ্জু কিছুটা আক্ষেপ করে বলেন, “যখন কেউ ক্ষমা চায়, তখন ক্ষমা করা উচিত। ক্ষমা না করা এখন একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে।

“ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া থেকে শুরু করে পুরো নির্বাচনী ব্যবস্থাপনা এককভাবে করা আমাদের মতো ছোট দলের পক্ষে সম্ভব ছিল না।” — মজিবুর রহমান মঞ্জু

কেন নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত না গড়ে জামায়াতের জোটে গেলেন—সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্যের এমন প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, নির্বাচনী বাস্তবতা ছোট দলগুলোর জন্য অত্যন্ত কঠিন। বড় দলের সঙ্গে জোট না করে টিকে থাকা অসম্ভব। তিনি বলেন, “জামায়াতের জোটে যোগ দেওয়ার দায়ের ৬০ শতাংশ আমরা নিজেরাই নিচ্ছি। সাধারণ জনগণকে আমরা দোষারোপ করব না।”

স্বতন্ত্র প্রার্থী ও এনসিপি থেকে পদত্যাগকারী তাসনিম জারার প্রসঙ্গ টেনে মঞ্জু বলেন, জারার শক্তিশালী মিডিয়া ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তিনি এক শতাংশ সমর্থন নিশ্চিত করতে পারেননি। সবার সেই সুযোগও থাকে না। তিনি আক্ষেপ করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এবি পার্টিকে নিয়ে নিয়মিত বিদ্রূপ করা হয়। মানুষ প্রশ্ন তোলে, ‘সবাই মিলে ১০০ ভোট পাবে কি না?’উল্লেখ্য, গত ডিসেম্বরে এবি পার্টি অনানুষ্ঠানিকভাবে জামায়াত জোটে যোগ দেয়। মজিবুর রহমান মঞ্জু আসন্ন নির্বাচনে ফেনী-১ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।