বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জামায়াত-এনসিপি জোটে কে কত আসন পাচ্ছে?

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০১:১২ পিএম

জামায়াত-এনসিপি জোটে কে কত আসন পাচ্ছে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

 জোটের শরিক জাগপার মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছেন আজ বিকেলেই দীর্ঘ প্রতীক্ষিত এই ঘোষণা আসছে।সমঝোতার খসড়া তালিকা অনুযায়ী ৩০০ আসনের মধ্যে প্রধান শরিক দল জামায়াতে ইসলামী নিজে ১৯০টি আসনে নির্বাচন করতে পারে। 

বাকি ১১০টি আসন জোটের অন্য ১০টি শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জোটের হয়ে ৩০টি আসনে লড়বে বলে নিশ্চিত করেছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 তিনি এই জোটকে আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের ঐক্য হিসেবে অভিহিত করেছেন।এদিকে জোটের বড় শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, খেলাফত মজলিস ৭টি, এলডিপি ৭টি এবং এবি পার্টি ৩টি আসনে লড়বে। বিডিপিকে ২ টি ও জাগপাকে ১টি আসন দেওয়া হচ্ছে। বাকি ৫টি আসন জোটের অন্য ৩টি ছোট দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

আজ সকালে বিভিন্ন দলের শূরার বৈঠক বা নির্বাহী কমিটির জরুরি অধিবেশনের মাধ্যমে তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক করে নিয়েছে। বিকেলে যখন ১১ দলের শীর্ষ নেতারা একসাথে বসবেন তখন তারা আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানাবেন কে কোন আসনে লড়ছেন। এই সমঝোতার মাধ্যমে জামায়াত ও এনসিপি জোট নির্বাচনী মাঠে একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।