বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:০৭ পিএম

চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা নাটকীয়তা ও দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই সংবাদ সম্মেলন শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোট। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত সময়ের প্রায় ৩৫ মিনিট বিলম্বে রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। 

জোটের ১১টি শরিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধিকে এই গুরুত্বপূর্ণ আয়োজনে দেখা যায়নি যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীসহ জোটের বাকি ১০টি শরিক দলের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। এর আগে আজ সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতা নিয়ে দিনভর রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা অংশ নেননি। 

মূলত আসন ভাগাভাগি এবং নির্দিষ্ট কিছু আসনে ছাড় দেওয়া নিয়ে জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের বড় ধরণের মতভেদ তৈরি হয়। চরমোনাই পীরের দল ৫০টির বেশি আসনে নির্বাচনের দাবি জানালেও জামায়াত ৪১ থেকে ৪৫টি আসনের বেশি ছাড় দিতে রাজি হয়নি যা নিয়ে এই দূরত্ব তৈরি হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

এর আগে বুধবারই এই আসন সমঝোতা ঘোষণা করার কথা ছিল কিন্তু সমঝোতায় পৌঁছাতে না পারায় শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালের বৈঠকে ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন উন্মুক্ত বা খালি রেখেই বাকি ২৫০টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বৈঠক শেষে আশা প্রকাশ করেছিলেন যে ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত তাদের সাথেই থাকবে। তবে রাতে সংবাদ সম্মেলন শুরু হওয়ার সময়ও দলটির অনুপস্থিতি জোটের ভবিষ্যৎ ঐক্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

বর্তমানে চলমান সংবাদ সম্মেলনে ২৫০টি আসনের বিপরীতে জোটের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করার প্রক্রিয়া চলছে। জোটের নেতারা জানিয়েছেন তারা জোটবদ্ধ হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধ থাকবেন। তবে ইসলামী আন্দোলন আগামীকাল শুক্রবার পৃথক সংবাদ সম্মেলন ডেকে তাদের পরবর্তী অবস্থান পরিষ্কার করার ঘোষণা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াত জোটের এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের অনুপস্থিতি ভোটের সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় জামায়াত ও চরমোনাই পীরের দলের এই দূরত্ব শেষ পর্যন্ত জোটের আনুষ্ঠানিক ভাঙ্গনে রূপ নেয় কি না।