শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না: আমীর খসরু

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৫:১৮ পিএম

কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না: আমীর খসরু

সুনির্দিষ্ট কোনো কারণে বা বিশেষ কোনো ভোটের পক্ষে সরকারের প্রচারণা চালানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

খসরু বলেন, সরকারের কাজ হলো জনগণকে ভোট দিতে বলা এবং তাদের কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করা, কোনো পক্ষ নেওয়া নয়।গণভোটের প্রতি ইঙ্গিত করে আমীর খসরু বলেন, একটি ভোটের কথা সামনে এনে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের ‘আসল ভোট’ (জাতীয় নির্বাচন) আড়ালে রাখাকে জনগণ ভালোভাবে নিচ্ছেন না।

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিশেষ ভোটের পক্ষে কথা বলা সাধারণ মানুষের মনে নানা সন্দেহের সৃষ্টি করছে। তিনি আরও যোগ করেন, সংস্কার বা প্যাকেজ যাই হোক না কেন, জনগণের প্রকৃত ক্ষমতা নিশ্চিত করার জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।

মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশু-কিশোর সমাবেশের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের নৈতিক ও সাংস্কৃতিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।