শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বগুড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনি ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৫০ পিএম

বগুড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনি ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি উত্তাপ ও উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবার বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ব্যানার ছিঁড়ে ফেলা এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। 

আজ রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আসনটির দাঁড়িপাল্লা মার্কার প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন এই অভিযোগ জানান।

অভিযোগ প্রদানকালে অধ্যাপক আব্দুল মতিন বলেন, শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে জামায়াত প্রার্থীর ব্যানার নষ্ট করা হচ্ছে। শুধু ব্যানার পোড়ানোই নয়, বরং সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা।

 তিনি অভিযোগ করেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দাঁড়িপাল্লা মার্কার সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত প্রার্থীর প্রতিনিধিরা ব্যানার পোড়ানোর মৌখিক অভিযোগ নিয়ে এসেছিলেন। 

তিনি তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ প্রদানের সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে এমন পাল্টাপাল্টি অভিযোগ ও নাশকতার ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা বদ্ধপরিকর এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।