শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৬, ১০:৩৮ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির এক বিশাল নির্বাচনি জনসভায় আগামীর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ‘জুলাই সনদ’ বিষয়ক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ডাক দেন। রাত সাড়ে ৮টায় উত্তরবঙ্গের চিরচেনা লাল-সবুজ বাসে করে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে মাঠজুড়ে উপস্থিত লাখো জনতা তাকে গগনবিদারী স্লোগানে স্বাগত জানায়। 

তারেক রহমান মঞ্চে উঠে হাত নেড়ে জনসমুদ্রকে অভিবাদন জানান এবং শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে সাজানোর লক্ষ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরেন রংপুরের এই বিশাল সমাবেশে তারেক রহমানের সাথে মঞ্চে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩টি আসনের দলীয় প্রার্থীরা। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তারেক রহমান বলেন যে, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে এবং গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। 

তিনি নির্বাচনি প্রচারণার পাশাপাশি জুলাই সনদের প্রতিটি দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন।জনসভায় যোগ দেওয়ার আগে সন্ধ্যায় পীরগঞ্জে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। মাজারের পবিত্রতা রক্ষা এবং শহীদদের মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান। জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার শোকাতুর বাবা-মায়ের সাথে সাক্ষাৎ করেন এবং দীর্ঘ সময় তাদের খোঁজখবর নেন। তারেক রহমানের এই মানবিক আচরণ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আবেগ ও প্রশংসার সৃষ্টি করেছে। 

এর আগে দুপুর ২টায় বগুড়া থেকে রওনা হয়ে মহাস্থানগড়ে মাজার জিয়ারত এবং মোকামতলা ও পলাশবাড়ীতে সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে তিনি জনস্রোতকে সাথে নিয়ে রংপুরে প্রবেশ করেন।তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে রংপুর নগরী আজ মিছিলের নগরীতে পরিণত হয়েছে। কালেক্টরেট ঈদগাহ মাঠ ছাড়িয়ে জনস্রোত কাচারী বাজার, বাংলাদেশ ব্যাংক মোড় এবং সুরভী উদ্যান পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকাজুড়ে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে রংপুরের এই বিশাল জমায়েত এবং গণভোটের পক্ষে তারেক রহমানের সরাসরি অবস্থান ধানের শীষের অনুকূলে এক বড় ধরণের জনমত তৈরি করেছে।