জানুয়ারি ৩১, ২০২৬, ১০:২২ এএম
দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর আজ শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনি সফর শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে তিনি এই দুই গুরুত্বপূর্ণ জেলায় পৃথক দুটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে যমুনা পাড়ের দুই জেলাতেই বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা ও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ করে তারেক রহমানকে বরণ করতে তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে মহাসড়কের দুই ধার।সিরাজগঞ্জ জেলা বিএনপি জানিয়েছে, শনিবার দুপুরে বগুড়া থেকে ঢাকা ফেরার পথে তারেক রহমান প্রথমে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
দীর্ঘ ১৯ বছর পর তার এই আগমনে সিরাজগঞ্জে এক বিশাল জনসমুদ্রের প্রত্যাশা করা হচ্ছে। এই জনসভা থেকেই তিনি সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন।
জনসভাস্থল ও মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং বিজিবি-পুলিশের পাশাপাশি বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবক দলও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।সিরাজগঞ্জের কর্মসূচি শেষে তারেক রহমানের পরবর্তী গন্তব্য ঐতিহাসিক টাঙ্গাইল জেলা। শনিবার বিকেল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন বিশাল খোলা মাঠে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। টাঙ্গাইল জেলা বিএনপির তথ্যমতে, দীর্ঘ ২১ বছর পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার জন্য মুখিয়ে আছেন নেতাকর্মীরা।
এই জনসভাটি হতে যাচ্ছে টাঙ্গাইল জেলায় তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক জনসভা। জেলা বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সার্বিক তদারকি করছেন। শতাধিক মাইক এবং বড় প্রজেক্টরের মাধ্যমে জনসভার বক্তব্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
তারেক রহমানের এই সফরকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের রাজনৈতিক সমীকরণে অত্যন্ত ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে দীর্ঘ সময় পর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর তার এই ঝটিকা সফর তৃণমূল কর্মীদের মনোবল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনসভাকে কেন্দ্র করে মহাসড়ক ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন