জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:৩৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নারীরা স্বাবলম্বী হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি বলেন পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে বিএনপির সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে যার অন্যতম স্তম্ভ এই ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং তারা পরিবার তথা রাষ্ট্রকে এগিয়ে নিতে সরাসরি অবদান রাখতে পারবে।
শনিবার রাজধানীর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড ক্যাপ্টেন মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তানভীর আহমেদ রবিন জানান ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে পরিবারের সার্বিক উন্নয়নে মোট আটটি সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এই পরিকল্পনার মধ্যে নারী স্বাবলম্বী করার পাশাপাশি পুরুষ সদস্যদের উন্নয়ন এবং শিশুদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি অভিযোগ করেন যে অতীতে এই এলাকায় স্বাস্থ্যসেবার কোনো সঠিক মান ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি সিটি করপোরেশনের আওতায় একটি করে সরকারি হাসপাতাল স্থাপন করবে যেখানে বিনামূল্যে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
কৃষিপ্রধান বাংলাদেশের কথা মাথায় রেখে কৃষকদের জন্য বিশেষ `কৃষি কার্ড` চালুর প্রতিশ্রুতি দেন রবিন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সার ও পরামর্শ পাওয়ার পাশাপাশি ফসল আবাদের জন্য সহজ শর্তে ব্যাংক লোন গ্রহণ করতে পারবেন। তিনি বলেন অর্থের অভাবে কোনো কৃষক যেন চাষাবাদ থেকে বঞ্চিত না হয় সেটি নিশ্চিত করবে বিএনপি। এর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ভর্তুকি বৃদ্ধি এবং সন্তানদের একাধিক ভাষায় দক্ষ করে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে তারা বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
নির্বাচনী এলাকার অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রবিন বলেন বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এলাকার শিল্প কারখানাগুলো বন্ধ করে দিয়ে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাওয়া মিল ও ফ্যাক্টরিগুলো পুনরায় চালু করে এলাকার সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এছাড়া মাদকমুক্ত সমাজ গড়তে পর্যাপ্ত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ সৃষ্টির পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ ও উন্মুক্ত পার্ক নির্মাণের পরিকল্পনাও তাদের ইশতেহারে রয়েছে। পথসভায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন