বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব, একে পেছনে ফেলা যাবে না: মির্জা ফখরুল

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:১৯ পিএম

একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব, একে পেছনে ফেলা যাবে না: মির্জা ফখরুল

ছবি-দিনাজপুর টিভি

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে দিলে আমরা আমাদের অস্তিত্বকেই হারিয়ে ফেলবো।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "একাত্তর আমাদের নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়া এবং সামনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ করে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। কিন্তু একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব, একে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।"

ধর্মীয় অপব্যবহার ও মিথ্যা প্রচারণা নিয়ে সতর্ক করে তিনি বলেন, "বর্তমানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এগুলোর কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।"

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, "পাঁচ বছরে আমরা একবারই ভোট দেওয়ার সুযোগ পাই। ভোট একটি পবিত্র আমানত, একে নষ্ট করা উচিত নয়। আমরা সেই ব্যক্তিকেই ভোট দেবো, যিনি এই ভোটের মর্যাদা রক্ষা করবেন।পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী ও ভোটাররা উপস্থিত ছিলেন।