রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২০ বছর পর আজ বরিশালে তারেক রহমান, বেলস পার্কে জনসমুদ্র

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:২৯ এএম

২০ বছর পর আজ বরিশালে তারেক রহমান, বেলস পার্কে জনসমুদ্র

দীর্ঘ ২০ বছর পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশাল পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি বরিশালে পৌঁছান। তাঁকে সরাসরি দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের ৬টি জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও চরাঞ্চল থেকে ট্রলারবাস এবং ছোট-বড় মিছিলে চড়ে হাজার হাজার নেতাকর্মী ঐতিহাসিক বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) ময়দানে সমবেত হতে শুরু করেন। 

নির্ধারিত সময় দুপুর ১২টার আগেই মাঠ ছাড়িয়ে ভিড় আশপাশের রাস্তাঘাট, ফুটপাত এবং রোড ডিভাইডারে ছড়িয়ে পড়ে।সরেজমিনে দেখা গেছে, বেলস পার্ক মাঠ এখন লোকে লোকারণ্য। নেতাকর্মীদের হাতে রয়েছে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং ধানের শীষ প্রতীকের ফেস্টুন।

 সমাবেশস্থলে উচ্ছ্বসিত সমর্থকদের মুহুর্মুহু স্লোগান ও দলীয় সংগীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেক সমর্থক পরিবারসহ এবং নারী কর্মীরাও ব্যাপক সংখ্যায় এই জনসভায় অংশ নিয়েছেন। 

স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই আগমন আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দক্ষিণাঞ্চলের ২১টি আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে এক বিশাল জনজোয়ার তৈরি করবে। তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন।জনসভাকে কেন্দ্র করে পুরো বরিশাল নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও র‍্যাবের টহল ছাড়াও দলীয় স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। 

সমাবেশস্থলে আসা মানুষের জন্য বিভিন্ন সংগঠন পানি ও প্রাথমিক চিকিৎসার বুথ স্থাপন করেছে। তারেক রহমান বরিশাল বিভাগের ২১টি আসনের দলীয় ও জোটের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। বরিশাল সফর শেষে দুপুর ১টায় তিনি হেলিকপ্টারযোগে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠের জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। উল্লেখ্য যে, এই সফরে পটুয়াখালী-৪ আসনের প্রার্থী নুরুল হক নুর এবং ভোলা-১ আসনের আন্দালিব রহমান পার্থও একই মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে।