ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:৪০ এএম
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেল ৩টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হবে।
ইশতেহারটি উপস্থাপন করবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের ইশতেহারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ইশতেহারে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত উৎখাত করে একটি ‘নয়া বন্দোবস্ত’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হবে, যেখানে রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়াহর প্রাধান্য থাকবে।
দলটির দাবি, একটি বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে কোরআন-সুন্নাহর বিধানই একমাত্র সমাধান।ইশতেহারে আরও যেসব বিষয় প্রাধান্য পাবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো— জুলাই সনদের প্রতি পূর্ণ দায়বদ্ধতা, তারুণ্যের কর্মসংস্থান নিশ্চিত করা, সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা।
এ ছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা এবং পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে একটি স্বাধীন বৈদেশিক নীতি প্রণয়নের ওপর বিশেষ জোর দেওয়া হবে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্ট গুণীজন ও ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন