ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৪৭ এএম
রাজশাহী বিভাগের চার জেলায় আজ ম্যারাথন নির্বাচনি সফরে থাকছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের প্রচারণার শেষ সময়ে এসে আজ বৃহস্পতিবার তিনি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে মোট পাঁচটি জনসভায় অংশ নেবেন। সকাল থেকেই এই সফর শুরু হওয়ার কথা রয়েছে যেখানে তিনি ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন।
সফরসূচি অনুযায়ী সকালে নওগাঁর এটিএম মাঠে বক্তব্যের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ, রাজশাহীর গোদাগাড়ী এবং বিকেলে রাজশাহী শহরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির।
এই সফরকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের জেলাগুলোতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি জনসভায় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
বিকেলের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বক্তব্য রাখবেন এবং রাতে সেখানেই অবস্থান করবেন। জনসভাগুলোকে সফল করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে তিনি পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। নির্বাচনি লড়াইয়ে জোটের শক্ত অবস্থান তুলে ধরতেই জামায়াত আমিরের এই ঝটিকা সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন