ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৬:৫৬ পিএম
আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় নির্বাচনি গণসংযোগ ও পথসভায় তিনি অভিযোগ করেন যে, নির্বাচনি মাঠে এখনো সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরি হয়নি।
নাহিদ ইসলাম বলেন, "একটি বিশেষ দলের প্রার্থী ফ্যামিলি কার্ডের নামে ভোটারদের মধ্যে অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়।"
নাহিদ ইসলাম জানান, আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়টি তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) লিখিতভাবে অবহিত করেছেন। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চললেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁর মতে, ইসি যদি এখনই কঠোর না হয়, তবে ভোটারদের আস্থার জায়গাটি নষ্ট হয়ে যেতে পারে।
গণসংযোগকালে তিনি সাতারকুলের সাধারণ ভোটারদের কাছে গিয়ে ‘হ্যাঁ’ ভোট এবং জোটের প্রার্থীর পক্ষে সমর্থন চান।বক্তব্যের এক পর্যায়ে নাহিদ ইসলাম আজ বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, "শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অবস্থান নেওয়া ছাত্রদের ওপর এই হামলা ন্যক্কারজনক। পুলিশের এই মারমুখী আচরণের পেছনে কারা ইন্ধন দিয়েছে, তা দ্রুত খতিয়ে দেখা উচিত।" তিনি অবিলম্বে হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন