ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:২১ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতে মিলিত হন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস-এর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন।বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি বড় ঘোষণা দেওয়া হয়।
ইইউ প্রতিনিধিরা জানান, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য তারা ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাবেন। এই পর্যবেক্ষক দল নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে কাজ করবে। জামায়াত নেতারা এবং ইইউ প্রতিনিধিরা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার আবু বকর মোল্লাসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন