শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বিএনপির রুহুল কবির রিজভী হাসপাতালে, চাইলেন দোয়া

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:০০ পিএম

বিএনপির রুহুল কবির রিজভী হাসপাতালে, চাইলেন দোয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নির্বাচনের মাত্র দুই দিন আগে দলের এই জ্যেষ্ঠ নেতার হঠাৎ অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

তিনি দীর্ঘদিন ধরে বিএনপির মুখপাত্র হিসেবে নিয়মিত সংবাদ সম্মেলন ও দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান গণমাধ্যমকে তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান বেশ কয়েক দিন ধরেই রিজভী জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে তার শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরিফুর রহমান আরও জানান রুহুল কবির রিজভী তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপির প্রচার-প্রচারণায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। বিশেষ করে দলীয় কার্যালয় থেকে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে তিনি সরকারের সমালোচনা ও দলের অবস্থান তুলে ধরতেন। 

নির্বাচনের শেষ সময়ে তার এই অনুপস্থিতি দলের প্রচারণায় কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কর্মীরা। তবে চিকিৎসকরা আশা করছেন দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন। আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে তার স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।