বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:০০ পিএম

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

ভোটারদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভাইরাল হওয়া ভিডিওর জেরে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপি নেতা প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, "যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কাউকে ছাড়ব না। ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব।ভিডিওতে তিনি দম্ভ করে আরও বলেন, "রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই।

এই বক্তব্য ভাইরাল হওয়ার পর জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে আগেই তার প্রার্থিতা বাতিল হয়েছিল। নির্বাচনের মাত্র দুই দিন আগে দলের এমন কঠোর সিদ্ধান্ত নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।