ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৪২ পিএম
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার বিতর্কিত ভিডিওর ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, তার মূল বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেটে ছোট করে (শর্ট ক্লিপ) বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূর্ণাঙ্গ ভিডিও শেয়ার করে তিনি এই দাবি করেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছিল, বিএনপি ক্ষমতায় গেলে অন্য কাউকে ভোট দিলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এই বক্তব্যের জেরে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঞ্জুরুল আহসান মুন্সী তার ব্যাখ্যায় বলেন, "হাসনাত আব্দুল্লাহ ও একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওই বক্তব্যটি আমি আমার নিজ এলাকায় একান্ত নিকটাত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে বলেছিলাম।" তিনি অভিযোগ করেন, তার সেই ব্যক্তিগত আবেগের জায়গাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য নোংরা খেলা হচ্ছে।
তিনি বলেন, "সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে আমাকে জড়িয়ে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে একটি মহল, যা অত্যন্ত দুঃখজনক।"তিনি আরও উল্লেখ করেন যে, সত্য কখনো চাপা থাকে না এবং জনগণ সত্য-মিথ্যার পার্থক্য বোঝে। নিজের অবস্থান পরিষ্কার করতেই তিনি বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিওটি জনসমক্ষে প্রকাশ করেছেন।
মঞ্জুরুল আহসান মুন্সী মনে করেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাকে হেয় প্রতিপন্ন করতেই এই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভোটের মাত্র দুই দিন আগে এই ভিডিও ভাইরাল হওয়ায় এবং দল থেকে বহিষ্কৃত হওয়ায় দেবীদ্বারের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন