ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:০৭ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের লড়াই শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে জরুরি ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাচ্ছে।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের দিন অর্থাৎ আজ সারা দেশে দলের প্রার্থীদের ওপর যে হামলা, নেতাকর্মীদের গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে, তা কমিশনকে অবহিত করতেই এই শেষ মুহূর্তের সাক্ষাৎ। বিশেষ করে বিভিন্ন জেলায় ধানের শীষের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার আশঙ্কা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে সুনির্দিষ্ট কিছু অভিযোগ সিইসির কাছে তুলে ধরবেন তারা।
প্রতিনিধি দলে নজরুল ইসলাম খান ছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সদস্য ও দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।ভোটের আগের রাতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামীকাল ভোটের দিন কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য কমিশনের কাছে ‘জিরো টলারেন্স’ ভূমিকা দাবি করা হবে। নির্বাচন কমিশন শেষ মুহূর্তে বিএনপির এই অভিযোগগুলো কীভাবে আমলে নেয় এবং কী ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই এখন তাকিয়ে আছে রাজনৈতিক মহল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন