ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:২১ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের ঠিক আগের সন্ধ্যায় রংপুরের পীরগাছায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের এমপি প্রার্থী আখতার হোসেন।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগ আনেন।
আখতার হোসেন অভিযোগ করেন, এই আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মীরা ভোটের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি বলেন, “পীরগাছার পারুল ইউনিয়নে শাপলা কলি প্রতীকের এক নারী কর্মীর মাথার স্কার্ফ খুলে নেওয়ার চেষ্টা করেন বিএনপির এক কর্মী। এছাড়া আমাদের মিছিল থেকে মাইক কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।”
জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধেও তিনি গুন্ডামির অভিযোগ তোলেন। তিনি জানান, গত মঙ্গলবার দেউটি এলাকায় জাপার প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে গণসংযোগ করেন এবং বাধা দিলে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে শাপলা কলির কর্মীদের ওপর হামলা চালান। এছাড়া কদমতলার একটি মাদ্রাসায় হামলার চেষ্টা এবং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
প্রশাসনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে ১১ দলীয় জোটের এই প্রার্থী বলেন, “একাধিকবার অভিযোগ করা হলেও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।” তবে সব বাধা উপেক্ষা করে আখতার হোসেন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “রংপুর-৪ আসনের ভোটাররা সব ষড়যন্ত্র রুখে দিয়ে শাপলা কলি প্রতীককে বিজয়ী করবেন।” উল্লেখ্য, এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে বিএনপি, এনসিপি ও জাতীয় পার্টির মধ্যে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন