ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:০৭ এএম
সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পরপরই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তরুণ প্রজন্মের অন্যতম আলোচিত মুখ এবং কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকাল ৭টা ৪০ মিনিটে তার নিজ এলাকা কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন।
ভোট প্রদান শেষে তিনি কেন্দ্রের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ১৭ বছর পর এমন অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালনগরসহ কুমিল্লার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, “মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। পরিবেশ অত্যন্ত সুন্দর, আশা করি সারা দিন এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।
ভোটকেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কুমিল্লা-৪ আসনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন