ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:১০ এএম
সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রাজধানীর অন্যতম ভিআইপি ও গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিনি মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মামুনুল হক যে ভবনে ভোট দিয়েছেন (পুরুষ ভোটার কেন্দ্র-০২), সেখানে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৪০ জন।
একই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে স্থাপিত নারী কেন্দ্রে ভোটার রয়েছেন ২ হাজার ৩৫২ জন। সকালে ভোট দেওয়ার পর মামুনুল হক কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
রাজনীতির মাঠে ঢাকা-১৩ আসনটি এবার বিশেষ নজরে রয়েছে। এই আসনে মূল লড়াইটি হতে যাচ্ছে ‘রিকশা’ প্রতীকের মাওলানা মামুনুল হক এবং ‘ধানের শীষ’ প্রতীকের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের মধ্যে। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করেছে। সকাল থেকেই শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে দিনের শুরুতেই হেভিওয়েট প্রার্থীর ভোটদান কর্মীদের মাঝে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন